বিসিএস লিখিত পরীক্ষায় সফলতা অর্জনের ক্ষেত্রে প্রার্থীর প্রস্তুতির ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুধু পড়াশোনার মাত্রা নয়, বরং পরিকল্পিত কৌশল, নিয়মিত অনুশীলন এবং সময়ের সঠিক ব্যবস্থাপনাই সাফল্যে নির্ধারক ভূমিকা পালন করে। এ বিষয়ে নিজের অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাক্রম ছিল ৪) মো. জাহিদ হাসান নাইম।
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি
১. প্রয়োজনীয় বই ও রিসোর্স
- উত্তরণ গাইড (বিভিন্ন বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সংকলন
- হিসেবে সহায়ক)
- বিগত বছরের প্রশ্ন অনুশীলন (এখান থেকে ৫০-৬০ শতাংশ প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে)
২. চিত্র ও উপস্থাপনা
- বিজ্ঞানের উত্তরে প্রাসঙ্গিক চিত্র উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উত্তরের মান বৃদ্ধি করে এবং পরীক্ষকের কাছে ধারণা স্পষ্ট করে তোলে।
- চিত্র আঁকার সময় পেনসিল ব্যবহার করা উচিত এবং লেবেলিং নিখুঁতভাবে করার চেষ্টা থাকতে হবে।
৩. টু-দ্য-পয়েন্ট উত্তর
- বিজ্ঞান ও আইসিটি অংশে অপ্রাসঙ্গিক আলোচনা বা দীর্ঘ ভূমিকার প্রয়োজন নেই।
- সরাসরি, নির্ভুল ও সংক্ষিপ্ত উত্তর দেওয়ার অভ্যাস করতে হবে। এতে সময় বাঁচে এবং নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে।
৪. সময় ব্যবস্থাপনা ও সংযম
- সাধারণ বিজ্ঞান অংশে প্রতিটি প্রশ্নের জন্য সময় অত্যন্ত সীমিত। ভালো জানা থাকলেও অতিরিক্ত লিখে সময় নষ্ট করা যাবে না।
- নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর শেষ করে পরবর্তী প্রশ্নে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ।
৫. আইসিটি ও ইলেকট্রনিকস
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে টেকনিক্যাল টার্ম সঠিকভাবে ব্যবহার করতে হবে।
- ইলেকট্রনিকস ও পদার্থবিজ্ঞানের সূত্র এবং প্রয়োজনে সূত্রের ব্যাখ্যা বা প্রমাণ সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
- গাণিতিক ব্যাখ্যা ও সূত্রভিত্তিক উপস্থাপন উত্তরকে আরও শক্তিশালী করে।
৬. বিশেষ পরামর্শ
- সিলেবাসের প্রতিটি ছোট টপিক গুরুত্বসহকারে অধ্যয়ন করতে হবে। বিজ্ঞান অংশে প্রশ্নের সংখ্যা বেশি হলেও প্রতিটির মান তুলনামূলক কম; তাই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা জরুরি।
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
১. গাণিতিক যুক্তি
- প্রয়োজনীয় বই ও রিসোর্স:
- এসএসসি সাধারণ গণিত বোর্ড বই
- এসএসসি উচ্চতর গণিত
- বোর্ড বই
- এইচএসসি কেতাব উদ্দিন স্যারের বই (বিশেষ করে বিন্যাস, সমাবেশ ও সম্ভাবনা অধ্যায়ের জন্য)
- অঙ্ক গাইড অ্যাপ (দ্রুত অনুশীলনের জন্য)
- বিগত বছরের প্রশ্ন
প্রস্তুতি কৌশল
- পূর্ণ নম্বর অর্জনের সুযোগ: এই অংশে নির্ভুল সমাধান করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব, যা ক্যাডার প্রাপ্তিতে এগিয়ে রাখে।
- নিয়মিত অনুশীলন: প্রতিদিন অন্তত এক ঘণ্টা গণিত চর্চা করা উচিত। এতে দ্রুত সমাধানের দক্ষতা তৈরি হয়।
- রিটেন ফরম্যাট অনুশীলন: শর্টকাটের বদলে ধাপে ধাপে পূর্ণ সমাধান লেখার অভ্যাস করতে হবে।
২. মানসিক দক্ষতা
প্রয়োজনীয় রিসোর্স:
- ইন্ডিয়াবিকস (indiabix. com) ওয়েবসাইট থেকে নিয়মিত অনুশীলন করুন।
- বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্ন (ব্যাখ্যাসহ সমাধান করা জরুরি)
৩. বিশেষ পরামর্শ
- মানসিক দক্ষতার প্রশ্ন প্রিলির তুলনায় লিখিত পরীক্ষায় কিছুটা ভিন্ন ও গভীর হয়। তাই নিয়মিত সময় ধরে মডেল টেস্ট অনুশীলন করা প্রয়োজন।
- গণিত ও মানসিক দক্ষতা অংশে সময়ের ঘাটতি সাধারণ সমস্যা। তাই ঘড়ি ধরে অনুশীলন করা এবং নির্ধারিত সময়ে মডেল টেস্ট দেওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুলিখন: জেলি খাতুন