প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি মনিটরিং বা তদারকি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন উপস্থিতি-সংক্রান্ত ট্র্যাকিং ব্যবস্থা চালু হচ্ছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে (ঢাকা মহানগরীর জন্য সকাল ৭টা ৫০ মিনিট) প্রধান শিক্ষকেরা তাঁদের নিজ নিজ ক্লাস্টার গ্রুপে উপস্থিতি-সংক্রান্ত এসএমএস ও হাজিরা খাতার ছবি পাঠাবেন। পরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকেরা পর্যায়ক্রমে এই তথ্য একত্র করে নির্ধারিত সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠাবেন। কোনো কর্মকর্তা বা প্রধান শিক্ষক ভুল বা তথ্য দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বার্ষিক প্রতিবেদন ২০২৪-এর তথ্য বলছে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ এবং শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।