হোম > শিক্ষা

শিক্ষার্থীরা এআই প্রশিক্ষিত না হলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী

জবি প্রতিনিধি‎

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমাদের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদের আমরা যদি এআই প্রশিক্ষিত না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়তে হবে।’

‎আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

‎শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করছে। আগামী বছর থেকে সারা দেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১ কোটি ১২ লাখ শিশুকে স্কুল ড্রেস দেওয়া হবে। পুষ্টির ঘাটতি পূরণে দেওয়া হচ্ছে মিড ডে মিল।

‎২০২৮ সালের মধ্যে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম করার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি-দাওয়া খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য জিমনেসিয়াম তৈরির বিষয়েও জোর দেন শিক্ষামন্ত্রী।

‎‎নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রিয় নবীনরা; তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে। আগামীর বাংলাদেশ গড়তে হলে তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে। এই ফিফথ (পঞ্চম) জেনারেশন অব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যদি যেতে হয়, ন্যানোটেকনোলজিতে যেতে হয়, রোবটিক্স দিয়ে যদি কাজ করতে হয়, এআই দিয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন—উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, জবির ট্রেজারারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ,শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।