কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং ইংরেজি বিষয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার উঠতে দিল না। যার ফলে এই বোর্ডে এইচএসসি পরীক্ষায় গত ১৫ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাসের হার এসেছে। এবার পাসের হার এসেছে ৫২ দশমিক ০৭ শতাংশ, গত বছরের তুলনায় যা শূন্য দশমিক ৫০ শতাংশ কম। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ১৬৮ জন কম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ৮৯ শতাংশ।
আজ শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার ইংরেজি বিষয়ে পাস করেছে ৬৫ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী। ৯৯ হাজার ৮৫১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫ হাজার ৬৭৪ জন। আর কোন বিষয়ে এত কম পাসের হার নেই এবারের ফলাফলে। তাছাড়া এক বিষয়ে ফেল করেছে ২২ হাজার ১১৪ শিক্ষার্থী।
এছাড়া পার্বত্য তিন জেলা ও কক্সবাজারেও এবার পাসের হার অত্যন্ত কম। যার ফলে সামগ্রীকভাবে পিছিয়ে পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। অথচ কক্সবাজার জেলায় ৪৩ দশমিক ৩৪ শতাংশ, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ, বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ এবং খাগড়াছড়িতে মাত্র ২৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এই বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, সার্বিক ফলাফলে বিভিন্ন কারণ প্রভাবক হিসেবে কাজ করেছে। বিশেষ করে পাবর্ত্যজেলাগুলো ও বিষয়ভিত্তিক কম পাসের হার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলাফলে প্রভাব ফেলেছে বলেও মনে করেন শিক্ষাবোর্ডের এই কর্মকর্তা।