হোম > শিক্ষা

ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গতকাল রোববার স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিইউএমএস, বিএএমএস ও বিএইচএমএস কোর্সে ভর্তির লক্ষ্যে অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন ফি জমাদানের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২২ বা ২০২৩ সালে এসএসসি এবং ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৬.৫০ এবং একক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। সব প্রার্থীর জন্য এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩.০০ আবশ্যক।

টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে (http://dgme.teletalk.com.bd)। আবেদন ফি ১ হাজার টাকা, যা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ১০ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৫০ নম্বর এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ১০ দিয়ে গুণ করে আরও ৫০ নম্বর নির্ধারণ করা হবে। অন্য ১০০ নম্বর থাকবে লিখিত-এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার লিখিত এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে।

এই ভর্তি পরীক্ষায় কোনো মৌখিক পরীক্ষা রাখা হয়নি। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টনের মধ্যে পদার্থবিজ্ঞান থেকে ২০, রসায়ন থেকে ২৫, জীববিজ্ঞান থেকে ৩০, ইংরেজি থেকে ১৫ ও সাধারণ জ্ঞান থেকে ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তির জন্য মোট ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) কোর্সে ২৫টি এবং ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) কোর্সে ২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্সে মোট ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ ছাড়া রওশন জাহান ইউনানি মেডিকেল কলেজ, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ, হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বেসরকারি পর্যায়ে নির্ধারিতসংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা ও পছন্দের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এক কলেজ থেকে অন্য কলেজে মাইগ্রেশনের সুযোগ নেই।

জবির বি ইউনিটের ফল প্রকাশ ‎

শিক্ষা আইনের খসড়া: নিষিদ্ধ হচ্ছে শিক্ষার্থীকে শারীরিক শাস্তি ও মানসিক নিপীড়ন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

আন্তর্জাতিক জীবনীগ্রন্থ ব্রিটিশপিডিয়ায় আইইউবির অধ্যাপক মামুন হাবিব

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত

তিন বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড’ জয়ী অধ্যাপক মাহবুব আলম

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি: শক্তিশালী প্রোফাইল গড়ে তুলবেন যেভাবে

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতিবিষয়ক কর্মশালা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন