সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট দেওয়ার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে প্রতিষ্ঠানটি।
সাফের নির্ধারিত চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পক্ষ থেকে থাকবে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন স্বাস্থ্যসেবাকর্মী। এ ছাড়া মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকবে পৃথক মেডিকেল রুম।
মাঠে প্রস্তুত রাখা হবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামসহ দুটি অটোমেটেড এক্সটারনাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করছে। সাফ চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে খেলোয়াড় ও দর্শকদের চিকিৎসাসেবা দেওয়ার এই উদ্যোগ জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় হাসপাতালটির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।