হোম > অর্থনীতি

দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। ফলে ভোক্তাদের এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন কিনতে হবে ২০৪ টাকায়। এত দিন ছিল এক লিটার ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় ও পরিবহন খরচ বিবেচনায় নিয়ে সরকার এ মূল্য সমন্বয় করেছে।

বৈঠক শেষে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও পরিবহন ব্যয় বাড়ায় আমদানিকারকেরা দাম সমন্বয়ের আবেদন জানিয়েছিলেন। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সীমিত পরিসরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্যসচিব বলেন, ‘বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।’

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে ভোক্তাদের ওপর চাপ কমাতে সরকার ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্যসচিব বলেন, বর্তমানে দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো সংকট নেই। বাজার স্থিতিশীল রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

রমজানের আগে আবার ভোজ্যতেলের দাম বাড়ানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সে সময়ের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও সরবরাহব্যবস্থার ওপর বিষয়টি নির্ভর করবে।’

সম্প্রতি নতুন বেতন কাঠামো অনুমোদন ও চিনির দাম বাড়ার পর ভোজ্যতেলের দামও বাড়ানো হলো। এতে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ‘এখন পর্যন্ত সরকার মূল্যস্ফীতির কোনো কারণ দেখছে না। সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের চাপ ও আমদানি ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমিত পরিসরে বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে। খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত থাকায় বাজারে বড় ধরনের চাপ তৈরি হবে না বলে আশা করছে সরকার।

দুর্গোৎসব উপলক্ষে সোমবার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

বিওয়াইডির গাড়ি কিনতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিশেষ বিনিয়োগ সুবিধা

ডিমের দাম বাড়ে, লাভ যায় কার পকেটে

চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলা

রাশিয়ার তেলের ক্রেতাদের বাড়তি শুল্ক লাগবে না, ট্রাম্পের সিদ্ধান্তে স্বস্তিতে চীন-ভারত