বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’র পরিচালনাকারী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের সঙ্গে অংশীদার হতে সম্মত হয়েছে জাপানের বিশ্বখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড। আইনগত সব ধরনের অনুমোদন সাপেক্ষে মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড’ একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ-সুবিধার মাধ্যমে এসিআই লজিস্টিকসকে বৈদেশিক মুদ্রায় ঋণ দেবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই পিএলসির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা এবং এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির। জাপানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রা. লিমিটেডের কনজ্যুমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কজুহাইডে নাকাজোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মিতসুই অ্যান্ড কোং বিশ্বের ৬০টির বেশি দেশে বিস্তৃত বিনিয়োগ ও কারিগরি দক্ষতা নিয়ে কাজ করছে। বাংলাদেশের আধুনিক রিটেইল খাতে স্বপ্নের নেতৃত্বদানকারী ভূমিকা, দেশব্যাপী বিস্তৃত ৮৩৫টির বেশি আউটলেট এবং তাদের সুশৃঙ্খল পরিচালন দক্ষতার ওপর গভীর আস্থা প্রকাশ করেছে মিতসুই। গ্রাহকদের উন্নত শপিং অভিজ্ঞতা এবং মানসম্মত পণ্য সরবরাহে স্বপ্নের ধারাবাহিকতা মিতসুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।
এই অংশীদারত্বের মাধ্যমে মিতসুই স্বপ্নের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য অর্জনে সাহায্য করবে। বিশেষ করে, পরিচালনার শ্রেষ্ঠত্ব (Operational Excellence), প্রাতিষ্ঠানিক সুশাসন (Governance), সাপ্লাই চেইন অপটিমাইজেশন ও টেকসই উন্নয়নে (Sustainability) মিতসুই এবং স্বপ্ন একসঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এই পার্টনারশিপ বাংলাদেশের রিটেইল সেক্টরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জাপানি মিতসুইয়ের বৈশ্বিক অভিজ্ঞতা এবং স্বপ্নের দেশীয় নেটওয়ার্ক মিলে গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।