হোম > অর্থনীতি

হরমুজ খুলতে ইরানের নতুন শর্তে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

হরমুজ প্রণালি খুলতে নতুন করে বেশকিছু শর্ত আরোপ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড় না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলেও জানিয়েছে তেহরান। এর পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে ঊর্ধ্বগতি দেখা গেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, আজ সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় অনুযায়ী ২টা ৩০ মিনিট) ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রাইস প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৭৭ ডলার। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই দাম প্রায় ১৬ শতাংশ বেশি।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার আল–জাজিরাকে বলেন, ‘কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া এবং সম্ভাব্য কোনো চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন থেকে যাওয়ায় তেলের দামে একটি ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য (রিস্ক প্রিমিয়াম) বজায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো অগ্রগতি ছাড়াই যত দিন যাচ্ছে, ব্যবসায়ীরা ততই সতর্ক হচ্ছেন।’

গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, হরমুজ প্রণালির বিষয়ে ইরান ও ওমান একটি চুক্তির কাছাকাছি পৌঁছালেও ওয়াশিংটন নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করা পর্যন্ত এই প্রণালিটি খুলে দেওয়া হবে না। শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধজনিত ক্ষতিপূরণ দেওয়া।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন জ্বালানি সংকটের জন্ম দিয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ৪, ৫ ও ৬ আগস্ট হরমুজ প্রণালি দিয়ে ৮ থেকে ১৫টি জাহাজ চলাচল করেছে। সংঘাত শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করত। ফলে বর্তমান চলাচল সেই সংখ্যার তুলনায় খুবই কম।

আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী, নৌযান চলাচলের স্বাধীনতা একটি মৌলিক নীতি হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার নিজেদের রয়েছে বলে বারবার দাবি করেছে ইরান। অনুমোদন না পাওয়া পথে চলাচলের চেষ্টা করা বাণিজ্যিক জাহাজে হামলারও হুমকি দিয়েছে দেশটি।

এরই ধারাবাহিকতায় শনিবার সংযুক্ত আরব আমিরাত তেহরানের তীব্র নিন্দা জানিয়েছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মালিকানাধীন একটি জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটি।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও)-র তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে অন্তত ৬৪টি সহিংসতার ঘটনা ঘটেছে এবং ১৭ জন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনার বেশিরভাগের জন্যই ইরানকে দায়ী করা হচ্ছে।

জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিলেও সোমবার সকালে এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়।

জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ১ শতাংশ এবং এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে হংকংয়ের হ্যাং সেং সূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।

কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে কার্যকর কোনো সমঝোতা কতটা দ্রুত সম্ভব হবে, তা নিয়ে বাজারে বেশ অনিশ্চয়তা রয়েছে। এমনকি শেষ পর্যন্ত কোনো চুক্তির ঘোষণা দেওয়া হলেও অতীতে দেখা গেছে যে এই ধরনের সমঝোতা খুব একটা স্থায়ী হয় না। আর সমঝোতা বাতিলের সেই অবশিষ্ট ঝুঁকির কারণেই কূটনৈতিক কোনো অগ্রগতি হলেও তেলের দাম কতটা কমবে, সেটির একটি সীমাবদ্ধতা থেকে যাবে।

বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি

বাংলা কিউআর: ১ জুলাই থেকে দেড় হাজার কোটি টাকার লেনদেন

ঋণের দৌড়ে পিছিয়ে নারীরা

২০২৫-২৬ অর্থবছর: সঞ্চয়পত্র থেকে সরকারের ধার লক্ষ্যের মাত্র ৩.৫%

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

৪২ বড় ঋণখেলাপি প্রতিষ্ঠানের বিদেশি সম্পদ উদ্ধারের উদ্যোগ সরকারের

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর রাত ১২টা থেকে

কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত, সম্মাননা স্মারক প্রদান

বিদেশ ভ্রমণের প্যাকেজ টাকায় বিক্রির সুযোগ ট্যুর অপারেটরদের

৪০০ একরের নতুন শিল্পপার্ক হচ্ছে বগুড়ায়