হোম > অর্থনীতি

তেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই, তাই দাম বাড়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সোমবার ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক দিন বাজারে যে সংকট হয়েছে, এর কারণ আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করেছেন অনেকে। যে কারণে সাময়িকভাবে কিছু জায়গায় সরবরাহে চাপ সৃষ্টি করেছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারে ২ টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশ হওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করতে এ বৈঠক হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বৈঠকে আমরা জানতে পেরেছি বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে। কোথাও কোথাও ভোক্তাদের আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রবণতার কারণে সাময়িকভাবে কিছু দোকানে মজুত শেষ হয়ে যেতে পারে।’

বাণিজ্যমন্ত্রী নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, ‘রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুত রেখে প্রতি লিটারে ২ থেকে ৩ টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।’

ভোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে যেহেতু পণ্য আছে, তাই অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে “সংকট” শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে গুজব ও আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

মধ্যপ্রাচ্যের সংঘাত: বৈশ্বিক অর্থনীতিতে ধেয়ে আসছে ‘স্ট্যাগফ্লেশন’

আল-আরাফাহ, ন্যাশনাল, প্রিমিয়ার ও আইএফআইসি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি সহনীয় করতে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের ৫ সুপারিশ

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

সাধারণের জন্য নেই নতুন টাকা, বিশেষ বরাদ্দে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

ফ্যামিলি কার্ডে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না: অর্থমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন, ব্যারেলপ্রতি ১২০ ডলার ছুঁইছুঁই

নির্মাণ ছাড়া ফেব্রুয়ারিতে গতি বেড়েছে অর্থনীতির বাকি তিন খাতের

সোনার দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা