ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ জমিতে চাষ করার সময় বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম ওই ইউনিয়নের কাচনা গ্রামের মো. মহসিন আলীর বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজলুল করিম তাঁদের বাড়ির পূর্ব দিকে হরিন্দা গ্রামে নিজেদের জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ করতে যান। জমি চাষের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত সরাসরি ফজলুলের ওপর আঘাত হানে। বজ্রাঘাতে তাঁর শরীরের বাঁ দিক ও গলার নিচের অংশ মারাত্মকভাবে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।