হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রাস্তার পাশে পড়ে ছিল মিষ্টি ব্যবসায়ীর লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাস্তার পাশ থেকে মোজাম্মেল হক (৪৫) নামের এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার যাদুরানী বাজারে দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।

আজ সোমবার সকালে উপজেলার খাকরতলা গ্রামের পাকা রাস্তার পাশে তাঁর লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে হরিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে। মোজাম্মেল হকের বাড়ি উপজেলার নন্দগাঁও ভূতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে প্রতিদিনের মতো তিনি তাঁর দোকান বন্ধ করেন। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে রাস্তার পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

প্রথম লাশ দেখতে পাওয়া খাকরতলা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি, কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে পুলিশে খবর দিই।’

যাদুরানী বাজারের ব্যবসায়ী ও মোজাম্মেলের দীর্ঘদিনের সহকর্মী আবদুল মতিন বলেন, ‘মোজাম্মেল ভাই খুবই শান্তস্বভাবের মানুষ ছিলেন। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল না। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে কালোবাজারে বিক্রি, আটক ২

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

ডিজেল ও বিদ্যুতের এই সংকটকালে সোলেমানের ‘সূর্য-সেচ’ই সমাধান

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে ওয়ার্ড বিএনপি নেতাদের পুকুর দখলের পাঁয়তারা

বিএনপি নেতার বাড়িতে চুরি

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জয়

ঠাকুরগাঁওয়ে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

বাড়িতে ড্রামভর্তি পেট্রল রেখে গভীর রাতে ৩০০ টাকা লিটারে বিক্রি, দণ্ড