হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আসামির স্বজন ও সহযোগীদের লাঠির আঘাতে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পর সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রহিমানপুর ইউনিয়নের পূর্ব ফকদনপুর কালিতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, এনআই অ্যাক্টের একটি চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. সুমনকে (৪২) গ্রেপ্তারের জন্য গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানার এএসআই মো. সারোয়ার জাহানের নেতৃত্বে একটি দল কালিতলা বাজার এলাকায় অভিযান চালায়।

ঠাকুরগাঁও-পীরগঞ্জগামী পাকা রাস্তার ওপর থেকে সুমনকে গ্রেপ্তার করার পরপরই তাঁর স্বজনেরা এবং স্থানীয় কিছু লোক লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন।

এজাহারে উল্লেখ করা হয়, গ্রেপ্তার আসামি সুমনের নির্দেশে তাঁর মা পারুল বেগম (৫৫), বোন রানী বেগম (২৩), ময়না (২৫) ও ভাই জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজন দলবদ্ধ হয়ে পুলিশের কাজে বেআইনিভাবে বাধা দেন। একপর্যায়ে তাঁরা বাঁশের লাঠি দিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে এলোপাতাড়ি মারধর শুরু করেন এবং সুমনকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

পরিস্থিতি বেগতিক দেখে আক্রান্ত পুলিশ সদস্যরা বেতার যন্ত্রের (ওয়ারলেস) মাধ্যমে থানায় জরুরি বার্তা পাঠান। পরে থানা থেকে মোবাইল ডিউটি পার্টির অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় নারী কনস্টেবলের সহায়তায় ঘটনাস্থল থেকে সুমনের মা পারুল বেগমকে গ্রেপ্তার করা হয়। মূল আসামি সুমনও পুলিশের হেফাজতে রয়েছেন। তবে সুমনের ভাই-বোনসহ অন্য সহযোগীরা দৌড়ে পালিয়ে যান।

হামলায় গুরুতর আহত এএসআই মো. সারোয়ার জাহান ও কনস্টেবল মো. আব্দুস সালামকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা থানায় ফিরে আসেন।

এই ঘটনায় গতকাল রাতেই এএসআই সারোয়ার জাহান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশকে অবরুদ্ধকরণ, হামলা ও গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: তিনটি মেশিন বন্ধ, ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী আমের জিআই স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫