হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ৫৯টি কমিউনিটি ক্লিনিকে ১ মাস ধরে ওষুধের সংকট

আজকের পত্রিকা ডেস্ক­

ওষুধ না পেয়ে রোগীরা খালি হাতেই ফিরে যায়। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদর উপজেলার ৫৯টি কমিউনিটি ক্লিনিকে এক মাস ধরে ওষুধের সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন শতাধিক মানুষ চিকিৎসা নিতে এসব ক্লিনিকে গেলেও ওষুধ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। দরিদ্র রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনছে।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, ঠাকুরগাঁওয়ে মোট ১৪৮টি কমিউনিটি ক্লিনিক আছে। এসব ক্লিনিকে সর্দি-জ্বর, আমাশয়, ডায়রিয়া, মাথাব্যথাসহ সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাধারণত বছরে তিন দফায় ওষুধ সরবরাহ করা হয়। তবে গত ডিসেম্বরের পর থেকে সদর উপজেলার ৫৯টি ক্লিনিকে কোনো ওষুধ আসেনি।

রোববার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আঙ্গরাই পুকুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, রোগীরা ওষুধ চাইলে দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অসহায়ভাবে না বলছেন। ক্লিনিকের দায়িত্বে থাকা প্রদীপ কুমার বর্মণ বলেন, ‘এই ক্লিনিকের আওতায় প্রায় ১০ হাজার মানুষ রয়েছে। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন চিকিৎসা নিতে আসে। কিন্তু দুই মাসের মধ্যেই ওষুধ ফুরিয়ে যায়। এখন টানা এক মাস ধরে কোনো ওষুধ দেওয়া যাচ্ছে না।’

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই ক্লিনিকে আসা ভারতী রানী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওষুধের জন্য আসলাম, কিছুই নাই। বাইরে থেকে কিনতে হচ্ছে।’

সদরের সিংগিয়া কমিউনিটি ক্লিনিকের পরিস্থিতিও একই রকম। গ্রামের বাসিন্দা ৬০ বছরের জমেলা খাতুন বলেন, ‘সর্দি-জ্বরে অসুস্থ হয়ে ওষুধ নিতে আসলাম। কিন্তু এখানে কিছু নেই।’ ওই ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান জানান, ‘ওষুধ না থাকায় অনেক সময় রোগীরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তবু প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বসে থাকতে হয়।’

কিসমত দৌলতপুর ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রেহানা বেগম বলেন, ‘ওষুধ নাই, তাই বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে। খরচ সামলানো মুশকিল হয়ে গেছে।’ ক্লিনিকের সিএইচসিপি রুবিনা খাতুন জানান, ‘বছরে তিনবার ওষুধ পাওয়ার কথা। কিন্তু এ বছর এখনো একবারও পাইনি।’

গৌরীপুর পীরবাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছবি লাল ঘোষ বলেন, ‘একজন রোগীকে পুরো ওষুধ দেওয়া যায় না। এক-দুইটা ট্যাবলেট কেটে দিতে হয়।’

এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. আবুল বাসার মো. সায়েদুজ্জামান বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকটের বিষয়টি গত ১০ আগস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাঠ পর্যায়ে চাহিদা বেশি থাকায় বিলম্ব হচ্ছে। আশা করি এ মাসের মধ্যেই নতুন সরবরাহ আসবে।’

‘আজকে পুলিশ মেরে ভাত খাব’

ঠাকুরগাঁওয়ে বড় মাঠে মিলল এসএসসির ৫০ উত্তরপত্র

আয় বেশি, তবু অবহেলায় পীরগঞ্জ রেলওয়ে স্টেশন

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান অগ্রাধিকার: শিল্পমন্ত্রী

রাণীশংকৈলে একাধিক দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাদান কার্যক্রম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগ

হাইব্রিড ভুট্টার সাফল্যে চাঙা, ঠাকুরগাঁওয়ের কৃষি অর্থনীতি

সিনেমার গল্পের মতো ৪০ বছর পর বাড়ি ফিরলেন জাহানারা

ফোন করে ভাইকে হুমকি ‘লাশ ফেলে দেব’, পরে তালা ভেঙে বোনকে উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার