হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ঝটিকা মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) ও সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। সোহেল বর্তমানে নগরীর জল্লারপাড় এবং হৃদয় আখালিয়ার নেহারীপাড়ায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সিলেটের পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিলের চেষ্টা চালান। এ ঘটনায় গত ৩০ আগস্ট কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ, ধারণকৃত ভিডিও এবং গোপন তথ্য বিশ্লেষণ করে ওই মিছিল ও চক্রান্তে দুজনের প্রত্যক্ষ সম্পৃক্ততা নিশ্চিত করে।

পরবর্তীতে অভিযান চালিয়ে ৪ সেপ্টেম্বর জল্লারপাড় এলাকা থেকে মো. সোহেল আহমদকে এবং ৬ সেপ্টেম্বর নেহারীপাড়ার নিজ বাসা থেকে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।