হোম > সারা দেশ > সিলেট

ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

ফসলি জমি রক্ষার দাবিতে মাঠ ছেড়ে রাস্তায় মানববন্ধনে কৃষক। ছবি: আজকের পত্রিকা

দিনের পর দিন ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে অবৈধভাবে বালু তুলে তা বিক্রি করছে প্রভাবশালী চক্র। এতে তারা আঙুল ফুলে কলাগাছ হলেও কপাল পুড়ছে সাধারণ কৃষকের। অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙছে চেঙ্গেরখাল নদ, কৃষক হারাচ্ছে তাঁর ফসলি জমি ও বসতঘর। অস্তিত্ব রক্ষায় তাই দুই গ্রামের মানুষ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন।

আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়া এলাকায় চেঙ্গেরখাল নদের তীরে হাতিরপাড়া ও পুকাশ গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, আবজল নামের এক প্রভাবশালী ব্যক্তি কোনো নিয়মনীতি না মেনে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে নদের তীব্র ভাঙনে হাতিরপাড়া ও পুকাশ গ্রামের শত শত একর ফসলি জমি নদগর্ভে তলিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে দুটি গ্রামে আর কোনো ফসলি জমিই অবশিষ্ট থাকবে না কিছুদিন পর।

মাসুক আহমদ বলেন, ‘বালুখেকোদের আগ্রাসনে আমাদের এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং নদভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

অভিযুক্ত আবজলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।