হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বহরে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মীরা। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় হামলা চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে শহরের সোনালী ব্যাংকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হন। হামলার সময় সোনালী ব্যাংক চত্বরের ভেতরে গিয়ে আশ্রয় নেন সারজিস আলম। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সারজিস আলমকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসে।
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল যুবদলের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, এনসিপির নেতা-কর্মীরা সভা সমাবেশে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের গালাগালি করেন। এরই প্রতিবাদ করায় তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।