বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সিলেটের গোলাপগঞ্জে হামলার পর আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে ভাঙচুর করা গাড়িটি সাংবাদিকদের দেখিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘ওপরে ওপরে ভালো হওয়ার ভান ধরে, ভেতরে-ভেতরে ছাত্রলীগ যেভাবে বেপরোয়া ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল—একইভাবে ছাত্রদলকে তারেক রহমান পরিচালনা করছে এবং এখানে তারেক রহমানের গ্রিন সিগন্যাল ছাড়া, স্থানীয় বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া, ওই বিএনপি, যুবদল-ছাত্রদলের যারা নেতারা কোনো দিনই হামলাটা করতে পারত না। কোনো নেতা-কর্মী, সন্ত্রাসী এককভাবে হামলা করতে পারত না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা ওই প্রোগ্রাম শেষ করে পাঁচ মাইল বাজারের... দুপুরে খাওয়ার জায়গা ছিল, ওইখানে গেছি। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড, চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। আমাদের... এই যে দেখেন, এরা এখন চোখ চায়!’
ছাত্রদল এখন চোখ পিপাসু উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ছিল রক্তপিপাসু, এই তারেক রহমানের ছাত্রদলের সন্ত্রাসীরা হয়েছে চোখ পিপাসু, একটার চোখ হবিগঞ্জে তুলে নিছে, আরেকটার চোখ তুলে নেওয়ার জন্য এই যে এখানে চোখে বাড়ি মারছে। খাইতে গেছি... ওই জায়গা পর্যন্ত তারা আমাদের নামতে দেয় নাই।’
সারজিস বলেন, ‘তাদের কথা হলো... শেখ হাসিনার স্বৈরাচারের পরে বিএনপি আরেকটা স্বৈরাচার কায়েম করবে, আর কোনো দলকে দাঁড়াতে দেবে না। এটা যদি হয়, বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।’
হামলার কথা উল্লেখ করে সারজিস বলেন, ‘ভিডিও আছে, আমরা আপনাদের ভিডিওগুলো দেব। এমন একটা বাড়ি দিয়েছে... আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটা কীভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে... এটা তো কোনো সাধারণ বাড়ি হইতে পারে না। এই জায়গায় দেখেন, প্রত্যেকটা জায়গায় তারা ইট দিয়ে কীভাবে মারছে, প্রত্যেকটা জায়গায় এবং পেছনে তারা ভেঙে এমনভাবে ছিন্নবিচ্ছিন্ন করছে, এরপরে আরেকটা ইট ফার্দার ওইপাশ দিয়ে আসলে যাকে লাগত, সে মানুষটা মারা যেত।’
সারজিস আরও বলেন, ‘এখন মানুষ মারার এই দায়ভার তারেক রহমান নিছে কি না, এটা তারেক রহমানের বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে, তাহলে বলুক আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পালতেছি। ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার। তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন। তাহলে আমরা আমাদের মতো রাজনীতি করব।’