রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ‘ঝ’ বগির একটি চাকা ভেঙে যায়। এতে বগিটি লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, সিল্কসিটি এক্সপ্রেসের ‘ঝ’ বগির চাকা ভেঙে যাওয়ায় সেটি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রেনটির সামনের চারটি বগি সয়দাবাদ স্টেশনের দিকে চলে গেছে এবং পেছনের বগিগুলো জামতৈল স্টেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন আসছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) আহসানুর রহমান বলেন, পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইন সচল করার কাজ শুরু হবে।