হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১০ বাইচাল

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই নৌকার বাইচালদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকায় ফুলজোড় নদীতে ‘কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দিন সংসদ নৌকাবাইচ’ প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিযোগিতায় উল্লাপাড়া উপজেলার বড়কোয়ালিবেড় এলাকার সোনাবাজু এক্সপ্রেস ও বংকিরাট এলাকার নবশক্তি ফাইটার নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতার একপর্যায়ে দুই নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে দুই নৌকার বাইচালদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তাঁরা বৈঠা নিয়ে পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য হায়দার আলী বলেন, ‘দুই নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কমিটির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি বড় আকার ধারণ করেনি।’

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘নৌকাবাইচ চলাকালে দুই নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আয়োজক কমিটি বিষয়টি মীমাংসা করবে বলে জানিয়েছে।’