হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের অভিযোগে বন্ধ কারখানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

নকল বালাইনাশক উৎপাদন করা হচ্ছিল রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদরের বহুতি শিয়ালকোল এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাত, পণ্যের মোড়কের লেবেলে অসংগতি এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে কৃষক ও ক্রেতাদের প্রতারণার অভিযোগে রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার বহুতি শিয়ালকোল এলাকায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, প্রতিষ্ঠানের মালিক মো. মানিক মিয়াকে (৪৫) নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতকরণ, পণ্যের মোড়কের লেবেলে অসংগতি, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে কৃষক ও ক্রেতাদের প্রতারণা এবং কৃষি বিভাগের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।