সিরাজগঞ্জের কামারখন্দে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওসি বলেন, ট্রাকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার ধরন জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।