সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুরান আলী (৫০) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৫৮ হাজার টাকা।
গতকাল শুক্রবার রাতে উপজেলার ঝাঐল ফ্লাইওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জুরান আলী সিরাজগঞ্জ সদর উপজেলার বড় শিমুল পঞ্চসোনা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, গতকাল রাতে পুলিশকে দেখে জুরান আলী তাড়াহুড়ো করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এতে পুলিশের সন্দেহ হলে কামারখন্দের ঝাঐল ফ্লাইওভার ব্রিজ এলাকায় তাঁকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জুরান আলীর বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।