সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ এক অনুষ্ঠানে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।
উপাচার্য তাহমিনা আখতার বলেন, রবীন্দ্রনাথ মানুষের আত্মমুক্তি ও বিশ্বমানবতার শিক্ষা দিয়েছেন। অন্যদিকে নজরুল শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনা। এই দুই মহান ব্যক্তিত্বের চিন্তা ও আদর্শ বাঙালির সাংস্কৃতিক ভিত্তিকে সমৃদ্ধ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান, রবীন্দ্র মেলা, সংগীত প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনায় আজ দিনভর বিশ্ববিদ্যালয়ে ছিল উৎসবের আবহ।
বিশ্ববিদ্যালয়ের গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘রবীন্দ্রনাথের কৃষি ও সময়চিন্তা’ শীর্ষক সেমিনার। এতে আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল।
দিনের শেষ পর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও পরিবেশনার মাধ্যমে তাঁরা রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য-সংগীতের বিভিন্ন দিক তুলে ধরেন।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে নজরুলচর্চা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে অংশ নেবেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার। পরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের আয়োজন।