সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মেনাজুল ইসলাম (২৪), বনি আমিন (২০) ও নিশাত রেজা (২৭)।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের ‘নাবিল টেলিকম’ মোবাইল ফোনের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জুয়ার সাইট পরিচালনায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের কথা স্বীকার করেছেন বলে র্যাবের দাবি। পাশাপাশি জুয়ার সাইটে অর্থ সরবরাহের জন্য বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করার কথাও তাঁরা জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।