সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খাল থেকে নিখোঁজ সিএনজিচালক মো. মিলনের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কয়েক দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
নিহত মো. মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন এবং বগুড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করার সময় তা ফুলে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁর ঘাড় ভেঙে হত্যা করা হয়। এরপর মরদেহটি কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।
গত রোববার বগুড়া থেকে নিখোঁজ হন মিলন। পরে বুধবার তাঁর অটোরিকশাটি উদ্ধার করে বগুড়া পুলিশ। আজ তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, স্থানীয় লোকজন খাল থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে যান। এ সময় কচুরিপানার নিচে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শাহ আলম মোল্লা আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।