সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি নতুন মোড় নিয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেন অনশনকারীরা। এতে যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও যানবাহন চালকেরা ভোগান্তিতে পড়েন।
এর আগে আজ সকাল ১০টার দিকে বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের মা শাপলা আহমেদের নেতৃত্বে তাঁর পরিবারের সদস্যরা আমরণ অনশন শুরু করেন।
পরিবারটির দাবি, গত রোববার রাতে শাফিন আহমেদ জিসানকে হত্যার হুমকি ও তাঁর বাবা সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেন স্বেচ্ছাসেবক দল নেতা ছানোয়ার হোসেন সানু। এ ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আমরণ অনশনে বসেন।
সড়ক অবরোধের বিষয়ে তাঁরা বলেন, দাবির বিষয়ে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।
এদিকে সড়ক অবরোধের কারণে বাজার স্টেশন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা। কিছু যানবাহনকে বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।