সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন। একপর্যায়ে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের অভিযোগ, চর চালা পলাশ মার্কেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ও তাঁর ছেলে আমিরুল, ফজলু, আরিফুল এবং তাঁদের স্ত্রীরা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছেন। এলাকাবাসীর দাবি, তাঁদের একাধিকবার সতর্ক করেও কাজ হয়নি।
তাই আজ জুমার নামাজ শেষে দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে অভিযুক্তদের বাড়িতে যান। এ সময় তাঁরা ওই পরিবারের সদস্যদের মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান।
বিক্ষোভকারীরা বলেন, মাদক কারবারির কারণে এলাকার যুবসমাজসহ নানা বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয়ভাবে নানা চেষ্টার পরও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তাই মাদক নির্মূলে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তাঁরা।
এদিকে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের না পেয়ে মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদকসহ অন্যান্য মামলার অভিযোগ রয়েছে। তাঁদের ভাষ্য, পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৫–২০টির মতো মামলা রয়েছে। এসব মামলায় অধিকাংশ জামিনে রয়েছেন। তবে আমিরুল একটি মামলায় বর্তমানে কারাগারে আছেন এবং ওই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলেও এলাকাবাসীর দাবি।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।’
ওসি আরও বলেন, ‘ওই পরিবারের আমিরুল নামের একজন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। পরিবারের প্রত্যেক সদস্যের বিরুদ্ধে ডজনখানেক করে মাদক মামলা রয়েছে।’