শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধান কাটার মৌসুম হওয়ায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশে ধান ও খড় শুকানো হচ্ছিল। এতে সড়কে গাড়ি চলার স্থান সংকুচিত হয়ে যায়। সন্ধ্যায় হাওড়া আমতলা এলাকায় শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধান ও খড়ের পাশ কাটিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান বলেন, “দুর্ঘটনার পর দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”