হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা শহরের একটি ছয়তলা আবাসিক হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলা শহরের একটি ছয়তলা আবাসিক হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে। আগুনের সময় হোটেলে থাকা ১৭ জন ছাদে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ তৎপরতায় তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের নুর হোটেল ইন্টারন্যাশনাল (আবাসিক) ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের নিচতলার পার্কিং এলাকায় থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গাড়ির একটি চাকা বিস্ফোরণের মতো শব্দ হয়। পরে গাড়িতে থাকা সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত পার্কিং এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়লে হোটেলে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। নিচতলা দিয়ে বের হওয়ার পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ১৭ জন ভবনের ছাদে আশ্রয় নেন। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে ছাদে অবস্থান নেওয়া ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। তাঁদের মধ্যে পাঁচজন আহত হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আগুনে পুড়ে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকা

অগ্নিকাণ্ডে নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, রাত দেড়টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তখন নিচতলার পার্কিং এলাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। আগুনের কারণে শুরুতে ভবনের ওপরের অংশে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন আহত হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎ-সংক্রান্ত ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পালং মডেল থানার এসআই সুধাংশু সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণ এবং হোটেলের ছাদে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।