শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জেলা সদর থেকে সরিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় স্থাপনের ঘোষণার প্রতিবাদে আরও উত্তপ্ত হয়ে উঠেছে সদর উপজেলা। জেলা সদরের কাছে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের দাবিতে এবার মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে স্থানীয়রা।
আজ রোববার সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া সেতুসংলগ্ন এলাকা থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে প্রেমতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল ব্যাহত হয়। দাবি মানা না হলে পদ্মা সেতু অবরোধের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
পূর্বনির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শরীয়তপুরবাসী।
‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মশাল মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মাসুম খান, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিম প্রমুখ।