সাতক্ষীরার তালা উপজেলায় নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে রশি প্যাঁচানো অবস্থায় রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৭টার দিকে তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামে ওই গৃহবধূর নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম মুড়াকলিয়া গ্রামের শাহিনুর বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তাঁর স্বামী শাহিনুর বিশ্বাস বিলে মাছ ধরতে গিয়েছিলেন। পরবর্তীতে সকাল ৭টার দিকে ঘরের সিলিংয়ের সঙ্গে রোজিনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।
স্থানীয় বাসিন্দা তাহেরা খাতুন জানান, রোজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে কিছু পারিবারিক টানাপোড়েনের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।