খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে তালায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল খালেক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (সিলেট-জ ১১-০৬৯০) কুমিরা বটতলা এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ এক পথচারী সড়ক পার হতে গেলে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চালক। এতে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।
দুর্ঘটনার পর বাসে থাকা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকেরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় বলে জানা গেছে।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া ৫০ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আহত প্রায় অর্ধশত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা বাসটি পুকুর থেকে তোলার পর নিশ্চিত হওয়া যাবে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা জানা যাবে না।’