ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রংপুরের ৬টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় প্রার্থী–সমর্থকেরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দ্রুত ও স্বচ্ছভাবে গণনা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার পর রংপুর-১ আসনের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা যায়, ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে। আনসার সদস্যরা লাঠি-রশি খুলছেন, চেয়ার-টেবিল সরিয়ে নিচ্ছেন।
ওই কেন্দ্রে সাহেবগঞ্জ এলাকার ভোটার খাদিজা খাতুন বলেন, ‘কোনো ঝামেলা ছাড়াই ভোট কেন্দ্রে আসছি। স্লিপ নিয়া ভোট দিছি। সারা দিন মনে হইল ঈদ নাগছিল।’ আরেক ভোটার নুর মোহাম্মদ বলেন, ‘ভোট দিয়া হামার ক্ষমতা হস্তান্তর করছি। এখন ক্ষমতাত কায় যায় তাক দেখপার জন্য আছি। ভোট গণনা শুরু হইছে। ফলাফল শুনি বাড়ি যামো।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ‘এখানে সকাল সাড়ে ৭টায় ৪টি বুথে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখানে মোট ভোটার ১ হাজার ৬৩২ জন। ভোট দিয়েছেন এ হাজার ৬১ জন। মোট ভোটের ৬৫ শতাংশ কাস্ট হয়েছে।’
দুপুর ২টা পর্যন্ত রংপুর বিভাগের ৬টি আসনে ভোটগ্রহণে মোটামুটি সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেশির ভাগ আসনে ভোটার উপস্থিতি ৫০ শতাংশের আশপাশে থাকলেও মহানগর-সদর আসনে তুলনামূলক কম ভোট পড়েছে। সার্বিকভাবে গ্রামীণ আসনগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বেশি থাকায় দুপুর ২টা পর্যন্ত ভোটের হার ছিল গড়ে প্রায় ৪৯ দশমিক ৪ শতাংশ।
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর ১ (গঙ্গাচড়া-মহানগর আংশিক) আসনে ১৩৯ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৬৮। দুপুর ২টা পর্যন্ত আসনে ৪৮ শতাংশ ভোট পড়েছে। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ১৩৭ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৭৭ হাজার ৮০২ জন। এ আসনে ভোট পড়েছে ৫০ দশমিক ৮৬ শতাংশ।
রংপুর-৩ (মহানগর-সদর) আসনে ১৬৯ কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৯৯২। এ আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৯ শতাংশ। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১৬৩ কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৫ হাজার ২৫৮ জন। এ আসনে ভোট পড়েছে ৫১ দশমিক ৩ শতাংশ।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১৫২ কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৭৪১। এ আসনে ভোট পড়েছে ৫০ শতাংশ। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ১১৩ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৮৫২। এ আসনে ভোট পড়েছে ৫১ দশমিক ২৭ শতাংশ।