হোম > সারা দেশ > রংপুর

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি

অভিযুক্ত কাঞ্চন। ছবি: সংগৃহীত

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’ এক ভিডিওতে এভাবেই হুমকি দিয়ে কথা বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। তাঁর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ শুক্রবার দুপুরে এমন একটি ভিডিও নজরে আসে প্রতিবেদকের। ভিডিওটি শাওন জামান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তাঁর দাবি, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের দ্বারা তাঁর পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।

আইনজীবীর পোস্টে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এই হুমকি যিনি দিয়েছেন, তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি বলেও তিনি পোস্টে দাবি করেছেন। এ ছাড়া কাঞ্চন একাধিকবার তাঁর বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ গত বুধবার রাতে করা জিডিকে অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।

ওই আইনজীবী বলেন, এটা কি সেই নতুন বাংলাদেশ, যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।

জানা গেছে, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার অর্থের জোরে এ রকম প্রভাব চালান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত বুধবার রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

আরও খবর পড়ুন:

রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারও পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

‘মদ্যপানে বিষক্রিয়ায়’ ৩ জনের পর আজ আরও একজনের মৃত্যু

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন

রেললাইনে যুবকের মাথাবিহীন মরদেহ, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’

শৈশবের বন্ধু, দুজনেরই প্রাণ গেল নদীতে ডুবে

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ, একসঙ্গে নিভে গেল দুই প্রাণ

বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত

রংপুরের শ্যামাসুন্দরী খাল: খননের জন্য অর্থ বরাদ্দ পাউবো বলছে, অর্থহীন