রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম বিল্লাহ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালকও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার চতরা হাটের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মাসুম তার নানার সঙ্গে উপজেলার সন্দোলপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথে চতরা হাটের চারমাথা এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, দুর্ঘটনার বিষয়ে তিনি এখনো অবগত নন।