হোম > সারা দেশ > রংপুর

‘আমার বাবা যেন জিতে যায়’, আখতার হোসেনের মা

শিপুল ইসলাম, রংপুর 

মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

‘দোয়া করি (করে) ছেলের শাপলা কলি মার্কায় ভোট দিছি। তোমরাও দেন। আল্লাহ রহম করুক, আমার বাবা (সন্তান) যেন জিতে যায়।’ প্রবল খুশি মনে এই কথাগুলো বলছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের মা রোকেয়া বেগম! আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাউনিয়ার টেপামুধুপুর ইউনিয়নের ভায়ারহাট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

সেই সঙ্গে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো কাউনিয়ার ভায়ারহাট কেন্দ্র। ঢাকার ভোটার হওয়ায় প্রার্থী আখতার হোসেন নিজে ভোট দিতে পারেননি। কিন্তু তাঁর মা রোকেয়া বেগম ছেলের দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট দিয়ে সন্তানের জয়ের জন্য দোয়া করেছেন। এর আগে মুন্সিপাড়ার নিজ বাড়ি থেকে আসেন আখতার ও তাঁর পরিবারের সদস্যরা।

সকাল ৮টায় ভায়ারহাট ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইন। মানুষ স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। পুরো এলাকায় উৎসবের আমেজ।

আখতার হোসেন বলেন, ‘সকাল বেলা আমার মাকে কেন্দ্রে নিয়েই আসা। আমার মা আমাকে ভোট দিয়েছেন—এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের বিষয়। তেমনিভাবে এই রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনের যাঁরা ভোটার আছেন, তাঁরাও শাপলা কলি মার্কায় ভোট দেবেন এবং দিন শেষে শাপলা কলি সকল প্রতিকূলতা অতিক্রম করে বিজয়ী হবে—এটাই প্রত্যাশা।’

প্রিসাইডিং কর্মকর্তা বুলবুল আহমদ বলেন, ভায়ারহাট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৫২ জন। এর মধ্যে নারী ১ হাজার ৯৮৪ এবং পুরুষ ভোটার ১ হাজার ৭৬৪ জন। সকাল সাড়ে ৭টা থেকে ৭টি বুথে ভোট গ্রহণ চলছে। মহিলা চারটি বুথে নারী ও তিনটি বুথে পুরুষ।

রংপুর-৪ আসনে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৪৪টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে।

এই আসনে বিএনপির এমদাদুল হক ভরসা, এনসিপির আখতার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রগতি বর্মণ তমা (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাসার (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত ও আহত ৪

বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা

বাড়িতে মজুত রেখে বেশি দামে পেট্রল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অবৈধ দোকানপাট উচ্ছেদে রসিকের অভিযান

কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

‘রাফার আব্বু তুমি আমারে মাফ করিয়া দিয়ো’