হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর শাহ্‌মখদুম বিমানবন্দরে নিরাপত্তা মহড়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর শাহ্‌মখদুম বিমানবন্দরে নিরাপত্তা মহড়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর শাহ্‌মখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার কাল্পনিক দৃশ্যে দেখানো হয়, যশোর বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকি আসে। কন্ট্রোল টাওয়ারে জরুরি কল পৌঁছানোর পর বিমানবন্দর ব্যবস্থাপক ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করেন। পরে রিস্ক অ্যাডভাইজরি গ্রুপ কমিটির নির্দেশনা অনুযায়ী সবাই একযোগে জরুরি কার্যক্রম পরিচালনা করে।

এই নিরাপত্তা মহড়ায় অংশ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালসহ আরও কয়েকটি সংস্থা।

প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্ত, আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত দক্ষতা থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৮ অক্টোবর অগ্নিকাণ্ডের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, এপিবিএন, পুলিশ ও আনসারের সমন্বিত প্রচেষ্টায় কার্গো টার্মিনাল থেকে টার্মিনাল-৩ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে চুরি, লুট বা নাশকতার ঝুঁকি থাকলেও সেদিন নিরাপত্তা বাহিনীর পেশাদারত্বের কারণে এমন কোনো ঘটনা ঘটেনি। মহড়ায় অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করে বেবিচক চেয়ারম্যান বলেন, প্রতিটি সংস্থাই প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে এবং জাতীয় স্বার্থে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা প্রয়োজন।

মহড়ায় অন-সিন কমান্ডার ছিলেন বিমানবন্দর ব্যবস্থাপক দিলারা পারভীন। তিনি জানান, প্রতি দুই বছরে একবার এমন পূর্ণাঙ্গ মহড়া আয়োজন বাধ্যতামূলক। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি, ছিনতাই, বোমা হামলা ও অন্যান্য ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বাড়াতে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

এ মহড়ায় চিফ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (অর্থ) মোহাম্মাদ নাজমুল হক, সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

রাজশাহীতে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

বাঘায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য

কর্মস্থলে না থেকে ইফতারের জন্য রাজশাহীতে রাকাব কর্মকর্তারা

রাজশাহীতে জামায়াত কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলা

বাঘায় সুযোগ বুঝে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

বিএনপি-জামায়াত হাতাহাতির মধ্যে মুয়াজ্জিনের মৃত্যু, মহাসড়ক অবরোধ

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধর, দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার