হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। ভদ্রা প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাররা ভোটকেন্দ্রের দিকে আসছেন।

ভোট শুরুর আগে সকাল ৭টা থেকেই রাজশাহী নগরের স্যাটেলাইট টাউন মডেল উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে পুরুষ ভোটারদের লাইন দেখা যায়। একইভাবে ৭টা থেকে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে পুরুষ ভোটারদের লাইন চোখে পড়ে।

নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন ভোটার নূরুল ইসলাম (৬৬)। তিনি বলেন, ‘আমি সকাল সকালই ভোট দিই। ভোট দিয়ে নিজের কাজে যাই।’

ভোটার আহসান হাবিব বলেন, ‘আমিও কাজের মানুষ। ভোট দেওয়া দায়িত্ব। সকাল সকাল ভোট দিয়ে কাজে চলে যাব। এবার ভোট আগেরবারের চেয়ে সুন্দর হচ্ছে।’

ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘গতবার ইভিএমে ভোট দিয়েছিলাম। কার ভোট কে পেয়েছে জানি না। এবার ব্যালটে ভোট। আশা করি, এবার সবকিছু ঠিকঠাক থাকবে।’

কেন্দ্রের সামনেই ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। তিনি বলেন, ‘রাতে নানা রকম ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ এসব আশা করে না। আমরা চাই, শান্তিপূর্ণ ভোট হোক। আমরা ধৈর্যের পরীক্ষা দেব। অন্যরাও যেন সহনশীল আচরণ করেন।’

সকাল সাড়ে ৭টায় কেন্দ্রের ফটক খোলা হলেই ভোটাররা ভেতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে যান। এরপর তাঁরা একে একে ভোট দিতে ভোটকক্ষের ভেতরে প্রবেশ করেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘আমি রাতে ভোটকেন্দ্রেই ছিলাম। সবকিছু ঠিকঠাক আছে। আশা করি, সুন্দরভাবে সবকিছু শেষ হবে।’

রাজশাহীতে সংসদীয় আসন ছয়টি। ছয় আসনে মোট প্রার্থী ৩১ জন। ভোটের মাঠে শুরু থেকেই আলোচনায় রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এ দুই দলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

এর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মিজানুর রহমান মিনু ও জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির শফিকুল হক মিলন ও জামায়াতের আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতের ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম ও জামায়াতের মনজুর রহমান এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ ও জামায়াতের নাজমুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এর মধ্যে নারী ১১ লাখ ৫২ হাজার ৫০৮ জন। আর পুরুষ ১১ লাখ ৩৮ হাজার ৬৩৭ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ২৮ জন। জেলার ৯টি উপজেলা ও মহানগরে সব মিলিয়ে ৭৭৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

রাজশাহীর একটি কেন্দ্রে নারী ভোটারদের নাম না পাওয়ার অভিযোগ

ভোটে অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাশত করবে না: মুজিবুর রহমান

রাজশাহীর সব আসনে বিএনপি জিতবে, ভোট দিয়ে বললেন মিনু

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা, জামায়াতের চার কর্মী আটক

জয়পুরহাটে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১১

টাকা আছে সন্দেহে গোদাগাড়ী উপজেলা জামায়াত আমিরের গাড়িতে তল্লাশি

রাজশাহীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, জামায়াত-শিবিরকে সন্দেহ ভুক্তভোগীর

রাজশাহীতে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

মাদকের চালান বন্ধ ও পানি চান ভোটাররা

শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি