পঞ্চগড় সদরে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ আলী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিশমনি গ্রামের জাহিদুল ইসলাম তার ছেলে মিরাজ আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মিরাজ দীর্ঘদিন ধরে মাদক, চুরি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছে। মাদক বিক্রির অভিযোগে দুইবার কারাভোগও করেছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, মাদক কেনার টাকা না পেলে মিরাজ বাড়ির মালামাল বিক্রি করে দেন। গ্রামের বিভিন্ন বাড়িতে চুরি করেন। এতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেন। গতকাল বুধবার বাড়িতে অশান্তি করার একপর্যায়ে কারণ জানতে চাইলে মিরাজ করাত দিয়ে জাহিদুল ইসলামকে জবাই করার চেষ্টা করেন। এ সময় মা এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশে তেড়ে যান মিরাজ। পরে তারা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
আজ ভ্রাম্যমাণ আদালতে শুনানির সময় মিরাজ আলী মাদক সেবন করেন বলে স্বীকার করেন। পরে তার বসতঘর তল্লাশি করে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি, অভিযোগের বিবরণ এবং ঘটনা বিবেচনায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পাই। পরে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।