পাবনা শহরে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাঈম শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে ওই এলাকার আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, নাঈম আজ দুপুরে ক্যালিকো কটন মিল এলাকার একটি হাটে মোটরসাইকেল বিক্রি করতে যাচ্ছিল। পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি বাস তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। এ ঘটনায় ওই বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’