পাবনা শহরে মনিরুল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (২২) পাবনার সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের মুন্নাফ আলীর ছেলে। আর আটক রাকিব একই এলাকার আলম হোসেনের ছেলে। দুজনই সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালেন পেছনে মনসুরাবাদ এলাকায় পূর্ব বিরোধের জেরে বিকেলে রাকিব ও মনিরুল নামের দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে মনিরুলকে ছুরিকাঘাত করে রাকিব। আশপাশের লোকজন এগিয়ে আসলে অবস্থা বেগতি দেখে রাকিব পাশের পুকুরে ঝাঁপ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবকে আটক করে।
এ সময় স্থানীয় লোকজন মনিরুলকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনার পথে রয়েছে। মনিরুলের ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।