পাবনার পুষ্পপাড়া বাজারে জোড়া খুনের সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার ভোরে সদরের আতাইকুলার পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুসা (২৬)। তিনি আতাইকুলার ধর্মগ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে এবং মামলার এজাহার নামীয় সন্দেহভাজন ৯ নম্বর আসামি বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫৫) ও তাঁর ভাগনে রিপন হোসেন (৫০) হাটের পাশে অফিসে বসে নাশতা করছিলেন। এ সময় মুখোশধারী কয়েক ব্যক্তি এসে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ৪৫ ঘণ্টা পর শনিবার বিকেলে আতাইকুলা থানায় একটি মামলা করা হয়। নিহত রিপনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, মামলার এজাহারে সন্দেহভাজন ১৫ জন এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।