হোম > সারা দেশ > নোয়াখালী

মাথাপিছু আয় ৪ হাজার ডলারে উন্নীত করতে কাজ করছে সরকার: ইসমাইল জবিউল্লাহ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইসমাইল জবিউল্লাহ। ছবি: আজকের পত্রিকা

আগামী পাঁচ বছরের মধ্যে জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ডলারে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রূপান্তর করতেও সরকার কাজ করছে।

আজ বুধবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো. ইসমাইল জবিউল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাখাতের পরিবর্তন দেশবাসীকে চমকে দেবে।’ শিক্ষা খাতে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলেও জানান তিনি।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি, যা তিন বছর আগেও সম্ভব ছিল না।’

মাথাপিছু আয় বৃদ্ধির লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশের জন্য শুধু চাকরি পাওয়াই যথেষ্ট নয়; চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।