হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় পুলিশের ওপর ছাত্রদল নেতার হামলা, দুই পুলিশ সদস্য আহত

নেত্রকোনা প্রতিনিধি

অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন পৌর শহরে ছাত্রদল নেতার কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তাঁরা মদন থানায় কনস্টেবল পদে কর্মরত। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক মিঠু মিয়া (২২) মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি পৌর শহরের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন সরকারি কলেজ মোড়ের চট্টগ্রামগামী বাসস্ট্যান্ডে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ে বাস না আসায় কাউন্টারে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় যাত্রীরা বিভিন্ন ধরনের ভোগান্তির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা মিঠু মিয়া সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। পরে ওসির নির্দেশে পুলিশ সদস্যরা তাঁকে সরে যেতে বললে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে মিঠু মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়।

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, ‘একটি ঘটনার জেরে মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যকে আঘাত করে আহত করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ দেখছে।’

বকেয়া বিল না পেয়ে সংযোগ কাটায় বিদ্যুৎ-কর্মীদের ওপর হামলা, টাকা ছিনতাই

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়ায় দায়ের কোপে যুবক নিহত

বিয়েবাড়িতে গান বাজানো ও ছবি তোলা নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩

নেত্রকোনায় বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী ও ছেলে গুরুতর জখম

নৈহাটী হাটে ৪০ লাখ টাকা রাজস্ব আদায়, সরকারি কোষাগারে জমা মাত্র ১৫ লাখ

নেত্রকোনায় নৌকাডুবিতে শিশুসহ ২ জনের মৃত্যু

৪ প্রাণহানির পরদিন নেত্রকোনার দুর্ঘটনাস্থলে স্পিডব্রেকার নির্মাণ শুরু

মাছ ধরার জালে আটকা ১০ ফুট লম্বা অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—বক্তব্যের অভিযোগে ওসি প্রত্যাহার