নাটোরের নলডাঙ্গায় কৃষকদের উৎপাদিত সবজি, মসলা ও ফল সংরক্ষণের জন্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে একটি ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ চালু করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে এ কোল্ডস্টোরেজের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। প্রধান অতিথি হিসেবে কোল্ডস্টোরেজটির উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মসলা ও ফল সংরক্ষণ করা যাবে।
সবুজ আলী আরও বলেন, কৃষকেরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।