হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আব্দুল মান্নান । ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার আব্দুল মান্নান পুলিশের এসআই বলে নিশ্চিত করেছেন সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান নেশাগ্রস্তের মতো অস্বাভাবিক আচরণ করছেন। কখনো মাটিতে বসে গান গাইছেন, আবার কখনো নাচছেন। কিছুক্ষণ পর তাঁকে বিলাপ করতেও দেখা যায়। তাঁর অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন।

উপস্থিত লোকজন তাঁর এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান জানান, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন।

তবে সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।