নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় মুন্না (১২) নামে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ তিনজন মারা গেল। গতকাল বুধবার তার বোন কথা (৪) এবং গত সোমবার বাবা মীর কালাম (৩৫) মারা যান।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুন্না। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মুন্নার শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে মুন্নার মা সায়মা ৬০ শতাংশ ও বোন মুন্নি ৩৫ শতাংশ নিয়ে ভর্তি আছে। তাদের অবস্থাও খুবই আশঙ্কাজনক।
গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রামবাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তাঁর স্ত্রী সায়মা (৩২) এবং তাঁদের ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (৭) ও কথা (৪) দগ্ধ হয়।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুকদিয়ে গ্রামে।