হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান, মোবাইলে ব্যস্ত পুলিশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অবৈধ অটোস্ট্যান্ডে বসে মোবাইল চালাচ্ছেন রথীন মালাকার। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে, মহাসড়কে উল্টো পথে যানবাহন চলাচল বন্ধ করতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে বাড়ানো হয়েছে হাইওয়ে পুলিশের সংখ্যা। তবে সেই পুলিশ সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তা না দিয়ে মহাসড়কে থাকা অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ডে বসে মোবাইল ফোন ব্যবহার করে সময় পার করছেন। আজ সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

রোববার (১৫ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায়, হাইওয়ে পুলিশের সামনেই মহাসড়কে অবাধে চলাচল করছে অবৈধ তিন চাকার যান—ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি। তবে এ বিষয়ে পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। সড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার ভেতরে কিংবা অবৈধ স্ট্যান্ডে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়।

দায়িত্ব ফেলে রেখে সিএনজির ভেতরে বসে মোবাইল চালানো পুলিশ সদস্যের নাম সজীব এবং অবৈধ অটোস্ট্যান্ডে বসে মোবাইল চালানো পুলিশ কর্মকর্তার নাম রথীন মালাকার।

অভিযুক্ত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারের কারণ জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তখন তাঁরা উল্টো পথে আসা ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার তৎপরতা দেখান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে পুলিশের উপস্থিতিতেই উল্টো পথে অবাধে চলাচল করছে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি। এসব যানবাহন নিয়ম না মেনে উল্টো পথে চলাচল করায় মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সিএনজির ভেতরে বসে মোবাইল চালাচ্ছেন পুলিশ সদস্য সজীব। ছবি: আজকের পত্রিকা

আর মাত্র কয়েক দিন পর মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে যানজট ও ভোগান্তি এড়াতে আগেভাগেই অনেক মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই অবস্থায় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মহাসড়কে অবাধে চলাচল করা ইজিবাইক ও অটোরিকশা। সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে নিয়মিতই এসব তিন চাকার যানবাহন চলাচল করতে দেখা যায়। এতে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

সাধারণ যাত্রী ও পথচারীদের মতে, ঈদযাত্রার আগে মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তা না হলে ঈদের সময় ভোগান্তি আরও বাড়তে পারে।

তবে অটোরিকশাচালকদের দাবি ভিন্ন। তাঁদের ভাষ্য, জীবিকার তাগিদেই বাধ্য হয়ে মহাসড়কে অটোরিকশা চালাতে হচ্ছে। যানজটের জন্য এককভাবে তাঁদের দায়ী করাও ঠিক নয়। নিরাপদ চলাচলের জন্য মহাসড়কে অটোরিকশার আলাদা লেন তৈরির দাবি জানান তাঁরা।

অন্যদিকে অনেক যাত্রীও অটোরিকশার পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, অন্যান্য যানবাহনের তুলনায় কম খরচে এবং দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে অটোরিকশাই সহজ মাধ্যম। তাই ঝুঁকি জেনেও অনেকেই এ বাহনে যাতায়াত করেন।

এ বিষয়ে পুলিশ সদস্য সজীব কথা বলতে রাজি হননি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট রথীন মালাকার বলেন, ‘ঈদের সময় মানুষের চাপ বেশি থাকে। তারপরও আমরা চেষ্টা করছি উল্টো পথে আসা যানবাহন ঠেকাতে। মাঝেমধ্যে দু-একটি গাড়ি চলে গেলে সেগুলোও ফেরত পাঠানো হচ্ছে।’

ডিউটির সময় মোবাইল ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আর হবে না।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ সদস্যের পিস্তল ছিনতাই

ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ