নওগাঁয় পাচারের উদ্দেশে রাখা কষ্টিপাথরের তৈরি ২৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
আজ বুধবার নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার ও তাঁকে আটক করে বিজিবি।
আটক মোস্তফা আলী উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোস্তফা আলী নামের এক ব্যক্তি পাচারের উদ্দেশে একটি মূল্যবান কষ্টিপাথরের তৈরি শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। পরে অভিযানে তাঁর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।